বিপ্লব সরকার, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের মাননীয় সংসদ সদস্য এনামুল হক (এমপি)।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোরশেদুল ইসলামের সাবলীল সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, মৎস্য কর্মকর্তা মোছাঃ রোজিনা পারভীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ মাহমুদা পারভীন, সমবায় কর্মকর্তা মোঃ সামছুল আলম এবং 'দি হাংগার প্রজেক্ট'-এর এলাকা সমন্বয়কারী মোঃ আসির উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বেকারত্ব দূরীকরণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল সুবিধাভোগী ও সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে ঘুরে দাঁড়ানো সফল উদ্যোক্তা আতিকুর রহমান এবং সুবিধাভোগী সদস্য সুরভি দাস ও চিরনজিত হালদার তাঁদের সাফল্যের বানী ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য এনামুল হক (এমপি) যুবসমাজকে দেশের মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের কল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও সহায়তামূলক কার্যক্রমের কথা তুলে ধরেন। পরিশেষে, সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এ জাতীয় আরো খবর..