শরীয়তপুরের ডামুড্যায় পারিবারিক কলহের জের ধরে লামিয়া বৃষ্টি (১৯) নামের এক তরুণী গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তাঁর স্বামী রবিউল ছৈয়ালের বিরুদ্ধে। ভয়াবহ এই ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী রবিউলকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডামুড্যা থানা পুলিশ।
সোমবার (২ নভেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ডামুড্যা থানাধীন কনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কনেশ্বর এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রের প্রাপ্ত তথ্যে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত রবিউল ছৈয়াল তাঁর নিজ বসতবাড়ির পাশের একটি মেহগনি গাছের নিচে স্ত্রী লামিয়া বৃষ্টিকে নিয়ে যান। সেখানে কথা-কাটাকাটি চরম পর্যায়ে পৌঁছালে তিনি সাথে থাকা ধারালো ছুরি দিয়ে স্ত্রীর গলায় সরাসরি আঘাত করেন।
লামিয়া বৃষ্টির আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাঁকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তরুণীকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ডামুড্যা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত স্বামী রবিউল ছৈয়ালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে ডামুড্যা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার সাথে সম্পর্কিত আলামত জব্দ করা হয়েছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।