মুহাম্মদ জুবাইর টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরও পাঁচ জেলে আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে বলে সুত্রে জানা যায়।
নিহত মো. হোসেন টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করতেন।
আহতরা হলেন—আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার দুপুরে তারা ছয়জন মাঝিমাল্লা নিয়ে উত্তর লম্বরী নৌকাঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা হন। পরে দিবাগত রাত ১টার দিকে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত তাদের নৌকায় আঘাত হানলে মো. হোসেন গুরুতর আহত হন। এ সময় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নওশাদ আলম কানন জানান, সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলেও জানান।
এ জাতীয় আরো খবর..