বাসস:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে ফেনী জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় দিবসটি উদযাপনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক মাহবুব উল করিম এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো.সাইদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আবু নাসের চৌধুরী, জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নান, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাকির উদ্দিন, জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী ও জেলা যুবদল সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী প্রমুখ।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, বিকাল সাড়ে ৩ টায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ।
এরআগে ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
দিবসটিতে উপজেলা পর্যায়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মাহবুব উল করিম।
তিনি বলেন, আমাদের জাতীয় জীবনে ৭ নভেম্বরের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। জেলার সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের আহ্বান জানান জেলা প্রশাসক।
এ জাতীয় আরো খবর..