নেত্রকোনা প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি বিশেষ অভিযানে ৪৯২ বোতল ‘ফেয়ারডিল’ (ফেনসিডিল) সিরাপসহ আল-আমিন (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারকাজে ব্যবহৃত একটি মিনি পিকআপও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ৭৮ হাজার টাকা।
আটককৃত আল-আমিন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাওঁকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারাকান্দা গ্রামের মো. মনির উদ্দিনের সন্তান।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের সরাসরি নেতৃত্বে আজ সকালে পার্শ্ববর্তী ময়মনসিংহের তারাকান্দা থানাধীন পশ্চিম তালদিঘী গ্রামসংলগ্ন পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি মিনি পিকআপ তল্লাশি করে লুকিয়ে রাখা ৪৯২ বোতল ফেয়ারডিলসহ আল-আমিনকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক নাজমুল হক বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে তারাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।