×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ১৮ বার পঠিত
মিজানুর রহমানঃ

গাজীপুর মহানগরীকে নিরাপদ, অপরাধমুক্ত ও যানজটসহনীয় নগর হিসেবে গড়ে তুলতে বহুমুখী উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ, পিপিএম। যানজট নিরসন, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, কিশোর গ্যাং ও ছিনতাই দমন, মাদক, হানিট্র্যাপ ও অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে জিএমপি।

একই সঙ্গে ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সামাজিক অবস্থান নির্বিশেষে সব নাগরিকের জন্য সমান পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, হানিট্র্যাপ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিএমপি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় জিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরিকল্পনা ও কর্মপন্থা তুলে ধরেন তিনি। গত ৮ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে এটি ছিল তাঁর প্রথম মতবিনিময় সভা।

সভায় শুরুতে সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, যানজট, শিল্পাঞ্চলের শ্রমিক পরিস্থিতি ও বিভিন্ন সমসাময়িক বিষয়ে মতামত, পরামর্শ ও অভিযোগ তুলে ধরেন।

শিল্পনগরী গাজীপুরকে নিরাপদ, অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার। সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে অভিহিত করে তিনি অবাধ তথ্য আদান-প্রদান, পারস্পরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শের ওপর গুরুত্বারোপ করেন।

যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার পরিকল্পনা

গাজীপুর মহানগরীর অন্যতম বড় সমস্যা যানজট উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, অপরিকল্পিত নগরায়ণ, প্রয়োজনের তুলনায় সড়কের স্বল্পতা এবং পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা ছাড়াই ভবন নির্মাণের কারণে এ সমস্যা তৈরি হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও পরিকল্পিত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। ট্রাফিক পুলিশ সকাল থেকেই দায়িত্ব পালন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যানবাহনের অবস্থান ও চলাচল আরও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পাশাপাশি মহানগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। পথচারীদের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে ফুটপাতগুলো দখলমুক্ত রাখা প্রয়োজন উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

সকল নাগরিকের জন্য সমান পুলিশি সেবা

পুলিশি সেবায় বৈষম্য দূর করে সব নাগরিকের জন্য সমান সুযোগ ও সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মো. আশিক সাঈদ। ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা কিংবা সামাজিক অবস্থান যা-ই হোক না কেন, প্রত্যেক নাগরিক যেন পুলিশের কাছ থেকে সমান সেবা ও সহযোগিতা পান, তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কোনো নাগরিক যেন পুলিশি সেবা গ্রহণে বৈষম্য, অবহেলা কিংবা হয়রানির শিকার না হন, সে বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান।

মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন অপরাধে জিরো টলারেন্স

মাদককে যুবসমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ উল্লেখ করে জিএমপি কমিশনার বলেন, ‘মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।’ মাদক চক্রের শিকড় উপড়ে ফেলতে গণমাধ্যমকর্মীদের সুনির্দিষ্ট ও গোপন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

কিশোর গ্যাং, ছিনতাই, হানিট্র্যাপ ও অনলাইন জুয়ার মতো অপরাধের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান কমিশনার। অপরাধপ্রবণ চক্র ও তাদের কার্যক্রম চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হবে। এসব অপরাধের বিস্তার রোধে প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন হয়রানি ও নারী-শিশুর নিরাপত্তায় গুরুত্ব

অনলাইনে নারীদের হয়রানিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত চক্রের সন্ধান পাওয়া গেছে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, এসব অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, স্কুল-কলেজের প্রধান ফটক ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে প্রবেশ ও ছুটির পর বের হওয়ার সময় যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে জন্য প্রয়োজনীয় পুলিশি অবস্থান ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রমিক অসন্তোষ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ

গাজীপুরের পোশাকশিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির বিষয়ে পুলিশ কমিশনার জানান, মঙ্গলবার কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় সন্ধ্যা ৭টার দিকে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতির ঘটনা ঘটে। এ ছাড়া বাসন এলাকায় বেলা পৌনে ১২টার দিকে ছয় থেকে সাতটি কারখানার শ্রমিক কর্মস্থল ত্যাগ করেন। সব মিলিয়ে ওই দিন প্রায় ১৭ থেকে ১৮টি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি ও কর্মস্থল ত্যাগের ঘটনা ঘটে।

তিনি বলেন, শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি দিয়ে কারখানা থেকে বের হয়ে যান। তবে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর পুলিশ, জেলা পুলিশ, শিল্প পুলিশ ও এপিবিএনের সদস্যরা সমন্বিতভাবে কাজ করেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। রাস্তায় যানজট সৃষ্টি কিংবা যানবাহনে হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা

গাজীপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা এবং গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন পুলিশ  কমিশনার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat