মো: আরিফুল ইসলাম আরিফ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে তৈরি হচ্ছে বিশাল আকৃতির ঐতিহ্যবাহী পানসি নৌকা। নৌকাটির নাম রাখা হয়েছে ‘ধুমকেতু’। ২০২৭ সালকে সামনে রেখে গ্রামের বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগে নির্মাণ করা হচ্ছে বিশাল আকৃতির এই পানসি নৌকা। নৌকাটি তৈরিকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
একসময় নদীমাতৃক বাংলাদেশের যোগাযোগ, পণ্য পরিবহন ও যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ছিল পানসি নৌকা। নদীর বুকে পাল তুলে চলা এসব নৌকা ছিল গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আধুনিক নৌযানের প্রসার এবং সময়ের পরিবর্তনে ঐতিহ্যবাহী পানসি নৌকা এখন অনেকটাই হারিয়ে যেতে বসেছে। সেই হারানো ঐতিহ্যকে নতুন করে ফিরিয়ে আনতেই নন্দলালপুর গ্রামবাসীর এই ব্যতিক্রমী উদ্যোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৭ সালকে সামনে রেখে গ্রামের মানুষের উদ্যোগে নির্মাণ করা হচ্ছে ‘ধুমকেতু’ নামের বিশাল আকৃতির পানসি নৌকাটি। দক্ষ কারিগরদের হাতে ধীরে ধীরে রূপ নিচ্ছে নৌকাটি। এর নির্মাণকাজ দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও আশপাশের এলাকার মানুষ। নৌকাটিকে ঘিরে গ্রামবাসীর মধ্যে তৈরি হয়েছে আনন্দ ও উৎসবের আমেজ।
গ্রামবাসীরা জানান, পানসি নৌকা শুধু একটি জলযান নয়, এটি বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সময়ের সঙ্গে সঙ্গে এই নৌকার প্রচলন কমে গেলেও তারা চান, নতুন প্রজন্ম যেন বাংলার প্রাচীন নৌ-সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে। সেই চিন্তা থেকেই সম্মিলিতভাবে ‘ধুমকেতু’ নামের বিশাল নৌকাটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, নির্মাণকাজ শেষ হলে ‘ধুমকেতু’ শুধু নন্দলালপুর গ্রামের পরিচিতিই বাড়াবে না, বরং এটি হয়ে উঠবে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রতীক।
আধুনিকতার ছোঁয়ায় যখন হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার অনেক পুরোনো ঐতিহ্য, তখন শাহজাদপুরের নন্দলালপুর গ্রামবাসীর ‘ধুমকেতু’ পানসি নৌকা তৈরির উদ্যোগ নতুন করে আশার আলো দেখাচ্ছে। তাদের এই প্রচেষ্টা প্রমাণ করে, মানুষের ভালোবাসা ও সম্মিলিত উদ্যোগে ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনা সম্ভব।
এ জাতীয় আরো খবর..