×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১২
  • ২৬ বার পঠিত
মো.আমিনুর রহমান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চুরির অভিযোগে ১২ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে আটক করে বিবস্ত্র অবস্থায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা ‘চায়ের কাপে গল্প’ নামের একটি পথরেস্তোরাঁর উদ্যোক্তা আল মামুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

সোমবার (৯ নভেম্বর) উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। ঘটনার দিন সকাল ১০টার দিকে তিন বন্ধুর সঙ্গে সে ‘চায়ের কাপে গল্প’ নামের পথরেস্তোরাঁটি দেখতে যায়। এ সময় দোকানের সাজসজ্জার দুটি ঝাড়বাতি ছিঁড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে আটক করা হয়। এরপর সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তার বাবা শহিদুল ইসলাম।

শিশুটির বাবার অভিযোগ, ছেলেকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে বিবস্ত্র করে চারজন তার হাত-পা ধরে উল্টো অবস্থায় লোহার বস্তু দিয়ে পেটান। বিকেল চারটার দিকে ছেলের মাদ্রাসাশিক্ষক আবদুল্লাহর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। অভিযোগে আরও বলা হয়, শিশুটিকে ছাড়িয়ে নিতে ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরে সংশ্লিষ্ট পথরেস্তোরাঁর উদ্যোক্তা আল মামুনকে তিন হাজার টাকা দেন তিনি। সন্ধ্যায় ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ভুক্তভোগী শিশুটি জানায়, তিন বন্ধুর সঙ্গে সেখানে বেড়াতে গেলে তাদের একজন বাতি ছিঁড়েছিল। লোকজন দেখে ফেলায় অন্যরা দৌড়ে পালিয়ে যায়। সে বাতি না ছেঁড়ায় দৌড় দেয়নি। পরে তাকে ধরে নিয়ে মাথা, বুক ও পিঠে ঘুষি, লাথি ও থাপ্পড় মারা হয়। একপর্যায়ে দোকানে নিয়ে বিবস্ত্র করে চারজন তার হাত-পা ধরে উল্টো করে লোহার বস্তু দিয়ে পেটান। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বিভিন্নভাবে নির্যাতন করা হয় তাকে। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে দাবি শিশুটির।

শিশুটির বাবা শহিদুল ইসলাম ও মা হাজেরা খাতুন বলেন, ‘আমাদের ছেলেকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। নির্যাতনের পর সে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

ঘটনার বিষয়ে স্থানীয় পাগলারহাট বাজারের ব্যবসায়ী নুর ইসলাম বলেন, চুরির অভিযোগে শিশুটিকে আটক করা হয়েছিল। তিনি সেখানে গিয়ে মারধরের বিষয়ে জানতে চাইলে ভয়ে শিশুটি কিছু বলেনি। পরে ক্ষতিপূরণ বাবদ পাঁচ হাজার টাকা দাবি করা হলে তিনি তিন হাজার টাকা দিয়ে শিশুটিকে ছাড়িয়ে আনেন। তখন শিশুটির শরীরে পোশাক থাকায় আঘাতের চিহ্ন দেখতে পাননি। পরে বাড়িতে নেওয়ার পর শরীরের বিভিন্ন স্থানে মারধরের দাগ দেখতে পান। তবে শিশুটির বাবা শাসন করার জন্য তাকে কয়েকটি থাপ্পড় দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

অভিযুক্ত আল মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটির বাবা সুস্থ অবস্থায় তাকে নিয়ে গেছেন। পরে রাতে মারধরের কথা শুনেছেন। তার দাবি, শিশুটির বাবা নিজেই শাসন করার জন্য মারধর শুরু করেন। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসা করে শিশুটিকে পরিবারের কাছে পাঠিয়ে দেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, আরাফাত হাসান বলেন, তিনি পাশের জমিতে ধান কাটছিলেন। এ সময় তিনটি ছেলেকে বাতি ধরতে দেখেন। পরে এগিয়ে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তিনি একটি সাইকেল নিয়ে দুজনকে আটক করেন, অন্য একজন পালিয়ে যায়। আগের দিন নয়টি বাতি হারিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সেগুলো পাশের ক্ষেতে রেখে গিয়েছিল। ঘটনার দিন সেগুলো নিতে এসে আরও আটটি বাতি খুলে নেয় তারা।

শিশুটির মাদ্রাসাশিক্ষক আবদুল্লাহ বলেন, ঘটনার দিন বিকেল সাড়ে তিনটার দিকে মামুন ইসলাম ফোন করে বাতি চুরির বিষয়টি জানান। পরে শিশুটিকে মারধরের কথা জানতে পারেন তিনি। তিনি বলেন, ‘বাচ্চা মানুষ ভুল করতে পারে। এ জন্য তাকে এভাবে মারধর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা জানি, সে ভালো স্বভাবের ছেলে। আমরা এ ঘটনার বিচার চাই।’

স্থানীয় কয়েকজন বলেন, মাত্র ১২ বছরের একটি শিশুর পক্ষে এতগুলো ঝাড়বাতি খুলে নেওয়া কতটা সম্ভব, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের ভাষ্য, দোকানটি সড়কের পাশে এবং সেখানে সার্বক্ষণিক মানুষের চলাচল রয়েছে। আশপাশেও বসতবাড়ি রয়েছে। এ অবস্থায় দিনের বেলায় এতগুলো বাতি খুলে নেওয়ার বিষয়টি তদন্ত করা দরকার।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ বলেন, অভিযোগের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটিকে মারধরের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে হাসপাতালে গিয়েও খোঁজ নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat