খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি :
এ দেশের মাটি ও মানুষ একসময় ছিল শান্তিপ্রিয়, সময়োপযোগী চিন্তাধারায় সমৃদ্ধ এবং মানবিক গুণাবলির ধারক। লাল-সবুজের দৃশ্যমান মানচিত্রের এই ভূখণ্ড ছিল মাথা উঁচু করে বেঁচে থাকার প্রত্যয়ে আবদ্ধ সকল ধর্ম ও বর্ণের মানুষের সম্মিলিত আবাসস্থল। যেখানে একে অপরের স্নেহ, মায়া-মমতা ও অফুরন্ত ভালোবাসার ছায়ায় শিশু-কিশোর, যুবক ও বৃদ্ধরা জীবনের প্রতিটি সময় অতিবাহিত করতেন। পরস্পরের মায়ার বন্ধনে আবদ্ধ মানুষগুলো একসময় জীবনচক্রের শেষ প্রান্তে পৌঁছে পরপারের পথিক হতেন। কিন্তু আজ সেই চিরচেনা সামাজিক সম্প্রীতির দৃশ্য যেন ক্রমেই বিলীন হতে চলেছে।
রাজনৈতিক অঙ্গনে চরম প্রতিহিংসার নির্মম বাস্তবতা মানুষের বিবেক ও মানবিক মূল্যবোধকে বিনষ্ট করছে। হিংস্রতার এমন প্রবণতা সমাজে এক ভয়াবহ পরিস্থিতির জন্ম দিয়েছে, যার প্রভাব প্রত্যন্ত এলাকার পাড়া-মহল্লাতেও ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে।
মানবিক শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা বাড়লেও প্রাতিষ্ঠানিক শিক্ষার মান ও বিবেকসম্মত জ্ঞানচর্চার ক্ষেত্রে নানা ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। পরিবার থেকেও অনেকেই যথাযথ নৈতিক শিক্ষা ও মূল্যবোধ অর্জনের সুযোগ পাচ্ছে না। জীবনমুখী ব্যস্ততা, অর্থ উপার্জনের প্রতিযোগিতা এবং পরিবারের দায়িত্বের বোঝা বহন করতে গিয়ে মানুষ যেন যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে। মনে হচ্ছে, কারও হাতের রিমোট কন্ট্রোলে পরিচালিত রোবটের মতোই চলছে মানুষের জীবন। এভাবে অনাকাঙ্ক্ষিত এক যান্ত্রিক সভ্যতা মানুষের স্বাভাবিক জীবনবোধকে গ্রাস করছে।
এসব বাস্তবতা বিবেচনায় নিলে কিছু রাজনৈতিক নেতার দায়িত্বহীনতা, কর্তব্যবিমুখতা ও কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। লোকচক্ষুর অন্তরালে অসহায় মানুষগুলো প্রতিনিয়ত দুঃখ-কষ্ট ও বঞ্চনার শিকার হচ্ছে। যারা অসহায়, অবহেলিত ও দরিদ্র মানুষের মৌলিক অধিকার হরণ করে উচ্চপদস্থ নেতাদের তোষামোদ ও তাবেদারির মাধ্যমে অনৈতিক সুবিধা নিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তাদের তথাকথিত উন্নয়নের স্বপ্ন একদিন প্রশ্নের মুখে পড়বে।
উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের সেচ্ছাসেবীদের মাঠ পর্যায়ের তথ্যে উঠে আসে, অসৎ উপায়ে অর্জিত অর্থ, আধিপত্য বিস্তার, পেশিশক্তির দাপট ও দাম্ভিকতা দিয়ে সাময়িকভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করা সম্ভব হলেও ইতিহাসের কাছে এসব কর্মকাণ্ডের জবাবদিহি এড়ানো সম্ভব নয়। অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ডের পরিণতি একসময় দৃশ্যমান হয়। ইতিহাসের পাতায় এসব কর্মকাণ্ড কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে পরবর্তী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
সমাজের সহজ-সরল, সাদা মনের নিরীহ মানুষের ওপর অন্যায়ভাবে অপরাধের দায় চাপিয়ে দেওয়া কিংবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানানো কোনোভাবেই কাম্য নয়। সাধারণ মানুষের জীবনে এমন পরিস্থিতি যেন অভিশাপের অগ্নিগিরির লাভার মতো জ্বলন্ত উত্তাপ সৃষ্টি না করে এবং তারা যেন দুঃশাসনের করাল গ্রাসে নিমজ্জিত না হয়, সেটিই হওয়া উচিত সবার প্রত্যাশা।
এখনো সময় আছে। রাজনৈতিক প্রতিহিংসা, নির্যাতন, অপশাসন ও অনৈতিক শক্তির প্রয়োগ থেকে বেরিয়ে এসে মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে। মানুষের কল্যাণে সৃজনশীল ও দায়িত্বশীল কর্মকাণ্ডে আত্মনিয়োগ করতে হবে। অতীতের ভুল ও অন্যায় কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করে সঠিক পথে ফিরে আসাই হতে পারে প্রকৃত পরিবর্তনের সূচনা।
প্রতিবেদক খন্দকার মোহাম্মাদ আলী বলেন,
প্রকৃতির দেওয়া অমূল্য নেয়ামত ও মানুষের ভালোবাসা অর্জন করতে হলে ক্ষমতার দম্ভ নয়, বরং মানবিকতা, ন্যায়বিচার, সহমর্মিতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে প্রাধান্য দিতে হবে। কারণ রাজনৈতিক নেতাদের প্রতিহিংসা ও ভুল সিদ্ধান্তের মাশুল যেন কোনোভাবেই সাধারণ জনগণকে জীবন দিয়ে দিতে না হয়।
এ জাতীয় আরো খবর..