স্বর্ণ মল্লিক:
ঢাকার যাত্রাবাড়ীতে ৬ তলার ছাদ থেকে নিচে ফেলে আদিনা (৪) নামের চার বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী নারী নিটুল মহিমা (২৬)-কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাকে এই মামলায় গ্রেফতার দেখায়।
ঘটনাটি ঘটে গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে বিকেলে যাত্রাবাড়ী থানাধীন ৪৯১ মীরহাজিরবাগ এলাকার একটি ভবনে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশু আদিনার বাবা ফয়সাল আহমেদ ও মা শারমিন হাওলাদার ওই ভবনের ৬ তলায় ভাড়া থাকতেন। অভিযুক্ত নিটুল মহিমা একই ভবনের ৬ তলার অন্য একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন এবং প্রায়ই শিশুদের মারধর করতেন। ঘটনার দিন বিকেলে আদিনার ভাই-বোন ভবনের বারান্দায় খেলাধুলা করার সময় নিটুল মহিমা তাদের গালিগালাজ করেন। একপর্যায়ে গত ৯ নভেম্বর বিকেল আনুমানিক ৫:১৫ মিনিটে অভিযুক্ত নিটুল মহিমা ৪ বছরের শিশু আদিনাকে কোলে তুলে হত্যার উদ্দেশ্যে ৬ তলার ছাদ থেকে নিচে পাকা রাস্তার ওপর ফেলে দেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত নিটুল মহিমাকে আটক করে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় নিহতের মা শারমিন হাওলাদার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় পেনাল কোডের ৩০২ ধারায় একটি হত্যা মামলা (মামলা নং-৩২, তারিখ: ১০/১১/২০২৬) দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. জসীম উদ্দীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিটুল মহিমা হত্যার কথা স্বীকার করেছেন। পুলিশ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানিয়েছে।
এ জাতীয় আরো খবর..