×
  • প্রকাশিত : ২০২৬-১১-১৬
  • ২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে যে ভয়াবহ লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার প্রকৃত চিত্র এখনও জাতিকে পুরোপুরি বোঝাতে না পারাটাই সবচেয়ে বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না উল্লেখ করে তিনি দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং বিগত দিনের লুটপাটের প্রকৃত তথ্য সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও বক্তব্য দেন।

অর্থনীতি ও ব্যাংকিং খাতের চিত্র

বিগত সরকারের সময়ের অর্থনৈতিক ক্ষতির চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে দেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করায় আজ সাধারণ গ্রাহকরা ব্যাংকে টাকা পাচ্ছেন না।

খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংকিং খাতের আজ এই করুণ দশা। এ ছাড়া বিদ্যুৎ খাতে অতিরিক্ত মূল্য নির্ধারণের (ওভারপ্রাইসিং) মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। বর্তমান সরকারের ওপর এই সংকটের দায় চাপানো হলেও এর প্রকৃত কারণগুলো সংবাদমাধ্যমে জোরালোভাবে তুলে ধরা উচিত বলে তিনি মনে করেন।

গণমাধ্যম ও অনলাইন পোর্টাল প্রসঙ্গ

বিকৃত সংবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য রোধে সাইবার সিকিউরিটি আইন রাখার বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে আন্দালিভ রহমান বলেন, গত দুই বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা বন্ধ করা হবে। পাশাপাশি অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং ভুয়া সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশ্বস্ত করেন যে, নিবন্ধিত গণমাধ্যমগুলোর স্থায়ী মর্যাদা, বিজ্ঞাপন প্রাপ্তি এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও প্রযুক্তিবান্ধব করা হবে।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একজন মালিকের একাধিক গণমাধ্যমের মালিকানা না রাখার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান মন্ত্রী।

আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা প্রসঙ্গে

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতাকে ‘দেউলিয়াত্ব’ আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, গোপালগঞ্জ ছাড়া সারা দেশে তাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই।

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরবেন— এমন প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ উল্লেখ করে তিনি বলেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। ফ্যাসিস্ট শক্তি যেন আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্য সচিব ইফতেখার মাহমুদসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat