নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত থেকে পতিত ফ্যাসিবাদ নানা চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে এবং ভারতে বসে উসকানি দিয়ে কিংবা বোমাবাজি করে এই জাতিকে দমানো যাবে না।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘‘শেখ হাসিনা ফের ব্যাংকে লুটপাট আর বাপের জমিদারি উদ্ধারে টোকাইদের দিয়ে বোমাবাজি করে ফেরার চেষ্টা করছেন। রক্তের দাগ এখনও শুকায়নি। এই জাতিকে ভারতে বসে উসকানি দিয়ে বোমাবাজি করে দমানো যাবে না।’’
আওয়ামী লীগ নেতাদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, যিনি একসময় আওয়ামী লীগ গঠন করেছিলেন, সেই মওলানা ভাসানীকেই আওয়ামী নেতারা ‘ভারতের চর’ বলে আখ্যায়িত করেছিলেন। আর আজ তারাই ভারতের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উসকানি দিচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, তাদের কর্মীরা দেশের ভেতর থানা, পুলিশের গাড়ি ও বিএনপি নেতাদের বাড়িতে আগুন দিচ্ছে, গলি থেকে বোমা মারার পাশাপাশি বাসে আগুন দিচ্ছে; অথচ তাদের শীর্ষ নেতারা কলকাতা ও দিল্লিতে ফ্ল্যাট কিনছেন।