×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-১৮
  • ৩৪ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একটি নিখোঁজ হওয়ার অভিযোগ ঘিরে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। পরিবারের দাবি, মায়ের গর্ভে যমজ সন্তান থাকলেও অস্ত্রোপচারের পর তাদের একটি কন্যাশিশু দেওয়া হয়। অপরদিকে চিকিৎসকদের দাবি, ওই প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল। আলট্রাসনোগ্রাফি রিপোর্টে যমজ সন্তানের তথ্য উল্লেখ থাকলেও তা সংশ্লিষ্ট সনোলজিস্টের ভুল বলে দাবি করা হয়েছে।

এদিকে পুলিশের অভিযানে বগুড়ার আদমদীঘি এলাকা থেকে মলিনা বেগমের হেফাজতে থাকা একটি ছেলে নবজাতক উদ্ধারের পর ঘটনাটি নতুন মোড় নেয়। মলিনার দাবি, বগুড়ার আনোয়ার নামের এক ব্যক্তির মাধ্যমে তিনি শিশুটিকে পেয়েছেন। অন্যদিকে আনোয়ার ও শিশুটির কথিত মা ও খালার দাবি, শিশুটিকে চুরি করে আনা হয়নি; বরং পারিবারিক সিদ্ধান্তে লালন-পালনের জন্য মলিনার কাছে দেওয়া হয়েছিল। ফলে উদ্ধার হওয়া শিশুটিই বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ বলে অভিযোগ করা নবজাতক কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার শুরু গত ৫ নভেম্বর। ওই দিন নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে শান্তনা নামের এক প্রসূতির সিজারিয়ান অস্ত্রোপচার হয়। পরিবারের দাবি, গর্ভাবস্থার আট মাসে শহরের রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারে করা আলট্রাসনোগ্রাফি রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ ছিল। কিন্তু অস্ত্রোপচারের পর একটি কন্যাশিশু পাওয়ার কথা জানিয়ে অপর শিশুটি নিখোঁজের অভিযোগ তোলে পরিবার।

বিষয়টি প্রথম ভিডিও সংবাদে প্রকাশ করে চ্যানেল এস। প্রতিবেদক মেহেদী হাসান অন্তরের প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওর পর ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনায় আসে।

প্রথম সংবাদ প্রকাশের পর চিকিৎসকদের সংগঠন বিএমএ নওগাঁ সংবাদ সম্মেলন করে জানায়, ওই প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল। সংশ্লিষ্ট সনোলজিস্টের ভুল রিপোর্টের কারণে যমজ সন্তানের তথ্য এসেছে বলে দাবি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের সময় একটি কন্যাশিশুর জন্ম হয়, যার ওজন ছিল ৩ কেজি ৭০০ গ্রাম।

অন্যদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে নওগাঁর সিভিল সার্জন পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, কমিটির কাছে জবানবন্দি দেওয়ার সময় আলট্রাসনোগ্রাফি রিপোর্ট প্রস্তুতকারী সনোলজিস্ট নিজের রিপোর্টে ভুলের বিষয়টি স্বীকার করেছেন। তবে তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন কিংবা সুপারিশ এখনো প্রকাশ করা হয়নি। ফলে চিকিৎসকদের বক্তব্য, পরিবারের অভিযোগ এবং রিপোর্টের প্রকৃত অবস্থান নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে।

এদিকে পরিবারের লিখিত অভিযোগের পর বলাকা ক্লিনিকের ওয়ার্ডবয় জিহাদকে আটক করে পুলিশ। পরবর্তী সময়ে পুলিশের বিশেষ অভিযানে বগুড়ার আদমদীঘি এলাকা থেকে মলিনা বেগমের হেফাজতে থাকা প্রায় সাত দিন বয়সী একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়। এ ঘটনায় মলিনা বেগমকে আটক করা হয়। তাঁর স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল বলে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়, উদ্ধার হওয়া শিশুটিই বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ বলে অভিযোগ করা পরিবারের সন্তান কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

মলিনা বেগম আটকের সময় দাবি করেন, বগুড়ার আনোয়ার নামের এক ব্যক্তির মাধ্যমে তিনি শিশুটিকে পেয়েছেন। তাঁর এই বক্তব্যের সূত্র ধরে নওগাঁ সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বগুড়ায় অভিযান চালায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আনোয়ারের দাবি, শিশুটিকে চুরি করা হয়নি। শিশুটির মা ও খালা পারিবারিক সিদ্ধান্তে তাকে মলিনা বেগমের কাছে লালন-পালনের জন্য দিয়েছিলেন। শিশুটির চিকিৎসার ব্যয়ভারও মলিনা বহন করেছেন বলে দাবি করেন তিনি।

সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, বগুড়ার শিবগঞ্জ এলাকার শিশুটির কথিত মা ও খালাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ ছাড়া বগুড়ার রওশন ডায়াগনস্টিক ও আল বারাকা জেনারেল হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়েছে বলেও তাঁদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এদিকে আনোয়ার অভিযোগ করেন, আটকের পর তাঁকে চোখ বেঁধে মারধর করা হয়। কেন তাঁকে মারধর করা হচ্ছে, জানতে চাইলে তাঁকে শিশু চুরির চক্রের হোতা হিসেবে আখ্যা দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে তাঁর দাবি। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আনোয়ার, শিশুটির কথিত মা ও খালার বক্তব্য এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। অন্যদিকে মলিনা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং উদ্ধার হওয়া শিশুটিকে অভিযোগকারী পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে বগুড়ায় শিশুটির জন্ম ও চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র থাকার দাবি এবং পারিবারিকভাবে শিশুটিকে হস্তান্তরের বক্তব্য সামনে আসার পরও এসব তথ্য কতটা যাচাই করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিশুটির জন্মস্থান, জন্মের সময়, চিকিৎসার নথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের সঙ্গে নওগাঁর ঘটনার তথ্য মিলিয়ে দেখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, উদ্ধার হওয়া নবজাতকের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হয়েছে কি না, কিংবা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—তা এখনো স্পষ্ট নয়। শুধু বক্তব্য কিংবা চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রের ভিত্তিতে শিশুটির পরিচয় চূড়ান্তভাবে নির্ধারণ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল ও পূর্ণাঙ্গ তদন্ত গুরুত্বপূর্ণ।

এ ঘটনায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—উদ্ধার হওয়া শিশুটি কি সত্যিই বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ বলে অভিযোগ করা পরিবারের সন্তান? বগুড়ার আনোয়ারের মাধ্যমে শিশুটি মলিনার কাছে পৌঁছানোর প্রকৃত ঘটনা কী? শিশুটির কথিত জন্ম ও চিকিৎসাসংক্রান্ত নথির সত্যতা কতটুকু? মলিনা বেগমের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের ভিত্তি কী ছিল? আর সিভিল সার্জনের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন কবে প্রকাশ করা হবে?

এসব বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে যাঁদের অপরাধ বা গাফিলতি পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

একটি নবজাতকের পরিচয়, মা-বাবার অধিকার এবং চিকিৎসাপ্রতিষ্ঠানের জবাবদিহির প্রশ্ন জড়িয়ে থাকায় ঘটনাটির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত জরুরি। একই সঙ্গে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ, সংশ্লিষ্ট চিকিৎসা নথি যাচাই এবং উদ্ধার হওয়া শিশুর পরিচয় বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat