×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-২১
  • ২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক ও সম্মিলিত অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছিল। সশস্ত্র বাহিনীর এই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। এ উপলক্ষে তিনি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সকল বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও ‘সবার আগে বাংলাদেশ নীতি’

বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের উন্নত সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সূচিত এই অগ্রযাত্রাকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বহুদূর এগিয়ে নিয়েছিলেন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাহিনীর সম্প্রসারণ, প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সেই প্রয়াসের ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠেছে। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ নীতি’ নেওয়া হয়েছে।

দুর্যোগ মোকাবিলা ও বিশ্ব শান্তিরক্ষায় ভূমিকা

রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে।

দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাকে সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি হিসেবে অভিহিত করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন। বাণীর শেষে তিনি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য এবং বাহিনীর সকল সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat