×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-২১
  • ৩৪ বার পঠিত

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। শনিবার (২১ নভেম্বর) গাজীপুর মহানগর ও জেলার কোথাও নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি এবং প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে। তবে শ্রমিকদের কর্মবিরতির মুখে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৫০টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুরের চিত্র

সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কারখানায় প্রবেশ করছেন। চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী সড়কের বেশির ভাগ কারখানাও চালু রয়েছে। পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভোগড়া এলাকার এক পোশাকশ্রমিক বলেন, "বেতন বাড়ানোর দাবির সঙ্গে আমরা একমত। কিন্তু কারখানায় এসে কাজ না করে বাড়ি ফিরে যেতে খারাপ লাগে।"

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শনিবার সকাল পর্যন্ত মহানগর ও জেলার কোথাও নতুন করে বিক্ষোভ বা অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে এবং শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় প্রায় ৮০ শতাংশ কারখানা সচল আছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন মনে করেন, আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে—মজুরি বোর্ডের এমন আশ্বাসে শ্রমিকরা কাজে ফিরছেন। তবে মালিকপক্ষ এখনো বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত কোনো প্রস্তাব দেয়নি বলে তিনি উল্লেখ করেন।

সাভার ও আশুলিয়ায় কর্মবিরতি ও ছুটি

গাজীপুরে পরিস্থিতি শান্ত থাকলেও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মবিরতির কারণে বেশ কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। সকালে আশুলিয়ার নরসিংহপুরসহ কয়েকটি এলাকার কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও কাজে অংশ না নিয়ে নিচে অবস্থান নেন বা বসে থাকেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, সকাল ৭টায় কয়েকটি কারখানা চালু হলেও শ্রমিকরা কাজ না করে বসে থাকায় অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া সকাল ১১টার দিকে জানান, শ্রম আইনের ১৩(১) ধারায় এ অঞ্চলে ১১টি কারখানা বন্ধ রয়েছে এবং নোটিশের মাধ্যমে দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সকালে শ্রমিকদের কর্মবিরতির মুখে কর্তৃপক্ষ আরও ৫০টি কারখানায় শনিবারের জন্য ছুটি ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat