দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর ও গোপালগঞ্জসহ আটটি এলাকায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ঢাকা জেলা, ঢাকা মহানগর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে—
গোপালগঞ্জে ২৯ প্লাটুন
ঢাকা জেলায় ১৮ প্লাটুন
গাজীপুরে ১৫ প্লাটুন
নারায়ণগঞ্জে ৬ প্লাটুন
কক্সবাজারে ৬ প্লাটুন
ঢাকা মহানগরে ৫ প্লাটুন
ফরিদপুরে ৫ প্লাটুন এবং
ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর নজরদারি
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। তাঁরা গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছেন এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা প্রতিরোধে তৎপর রয়েছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও চিত্র (লাইভ ফুটেজ) তদারকি করা হচ্ছে। সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।