বাণিজ্য প্রতিবেদকঃ
দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (এসএমই) শিল্পের বিকাশ ও দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আগামীকাল রোববার (২২ নভেম্বর) থেকে রাজধানীতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’। সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
শনিবার (২১ নভেম্বর) মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান।
শিল্পমন্ত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করবেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং প্রবেশে কোনো ফি লাগবে না।
অর্থনীতিতে এসএমই খাতের অবদান
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের অর্থনীতিতে এসএমই খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, দেশের মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ এ খাতের অন্তর্ভুক্ত এবং শিল্প খাতে নিয়োজিত মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ (প্রায় ৩ কোটি ৬ লাখ মানুষ) এখানে কর্মরত। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।
তিনি আরও জানান, এসএমই উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে কার্যক্রম পরিচালনা করেন এবং ৬৫ শতাংশ উদ্যোক্তা অনানুষ্ঠানিক খাতে রয়েছেন। তাঁদের বিকাশ, অর্থায়ন ও বাজার সম্প্রসারণে বিশেষ উদ্যোগ প্রয়োজন। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রায় ২৫ লাখ উদ্যোক্তা সুবিধা পেয়েছেন, যাঁদের ৬০ শতাংশই নারী।
উদ্যোক্তা পুরস্কার ও পণ্যের সমাহার
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজনকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। বিভাগগুলো হলো— বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের। স্টলগুলোতে পাদুকা ও চামড়াজাত সামগ্রী, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্য, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত সামগ্রী প্রদর্শিত হবে। এ ছাড়া সরকারের ‘এক গ্রাম এক পণ্য’ প্রকল্প, বিভিন্ন ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি এবং ২৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। মেলায় শুধু দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা যাবে; কোনো বিদেশি বা আমদানি করা পণ্য রাখা যাবে না।
ঋণ সংযোগ, কর্মশালা ও আগের সাফল্য
শিল্পমন্ত্রী জানান, মেলায় প্রতিদিন এসএমইবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ কার্যক্রম চলবে। উদ্যোক্তারা সরাসরি ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে মেলা থেকেই ঋণের আবেদন করতে পারবেন। এ ছাড়া ২৩ ও ২৪ নভেম্বর তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান অংশ নেবেন।
এসএমই ফাউন্ডেশনের তথ্যমতে, এর আগের ১২টি জাতীয় মেলায় প্রায় চার হাজার উদ্যোক্তা অংশ নিয়ে ৭২ কোটি টাকার পণ্য বিক্রি এবং ১০৯ কোটি টাকার ক্রয়াদেশ পেয়েছেন। এ ছাড়া ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় মেলায় অংশ নিয়েছেন প্রায় ৫ হাজার ১০০ উদ্যোক্তা এবং এ পর্যন্ত ৭১ জন উদ্যোক্তাকে (৩৭ নারী, ৩২ পুরুষ ও ২ জন তৃতীয় লিঙ্গ) জাতীয় এসএমই পুরস্কার দেওয়া হয়েছে।