×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-২১
  • ২৭ বার পঠিত

বিনোদন ডেস্ক;

মুক্তির প্রথম দিনেই প্রায় ৪৪ হাজার কোটি টাকার ব্যবসা করে বিনোদনজগতে নতুন ইতিহাস গড়েছে ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। গেমটির প্রি-অর্ডার ও প্রথম দিনের বিক্রি মিলিয়ে আয় হয়েছে ৩৭৯ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার কোটি টাকা।

গত শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের মূল কোম্পানি টেক-টু ইন্টারঅ্যাকটিভ। প্রতিষ্ঠানটির দাবি, যে কোনো মাধ্যমের বিনোদনজগতের ইতিহাসে এটি নতুন বিক্রির রেকর্ড এবং ইতিহাসের সবচেয়ে বড় বিনোদনমূলক উদ্বোধন। তবে প্রথম দিন ঠিক কত কপি গেমটি বিক্রি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি এবং এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি কোনো মুখপাত্র।

সিনেমার রেকর্ড ছাড়িয়ে যাওয়া আয়

আয়ের হিসাবে সিনেমাজগতের একাধিক বড় রেকর্ডকেও ছাড়িয়ে গেছে জিটিএ ৬। ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বজুড়ে আয় করেছে ২৫২ কোটি ডলার এবং ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’র আয় ১৮০ কোটি ডলারের কিছু বেশি; অথচ মুক্তির প্রথম দিনেই এর চেয়ে অনেক বেশি আয় করেছে গেমটি। এমনকি সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ২৯০ কোটি ডলারের বক্স অফিস আয়ও একদিনেই ছাড়িয়ে গেছে জিটিএ ৬, আর প্রথম দিনের বিক্রি জেমস ক্যামেরনের সর্বশেষ দুটি ‘অ্যাভাটার’ সিনেমার সম্মিলিত আয়ের কাছাকাছি পৌঁছে গেছে।

নির্মাণব্যয়, প্ল্যাটফর্ম ও গেমপ্লে

জিটিএ ৬ নির্মাণে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করেছে রকস্টার গেমস এবং এতে ব্যয় হয়েছে আনুমানিক ১৫০ কোটি ডলার। প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এস-এর জন্য প্রকাশিত এই গেমের স্ট্যান্ডার্ড সংস্করণের দাম ৮০ ডলার ও আলটিমেট সংস্করণের দাম ১০০ ডলার।

গেমটির মূল গল্পে জেসন ও লুসিয়া নামের দুই চরিত্র কাল্পনিক অঞ্চল লিওনিডায় অপরাধজগতের নানা ঘটনায় জড়িয়ে পড়ে। মূল কাহিনি শেষ করতে খেলোয়াড়দের প্রায় ৮০ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানা গেছে। রকস্টার গেমসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউজার বলেন, এই প্রকাশের মধ্য দিয়ে রকস্টার গেমসের নতুন অধ্যায় শুরু হলো এবং বিশ্বের খেলোয়াড়দের সাড়ায় তারা কৃতজ্ঞ ও অভিভূত।

রেডিও স্টেশনে পুরোনো বাংলা গান

এদিকে চার দশকেরও বেশি আগে প্রকাশিত একটি বাংলা গান জায়গা করে নিয়েছে জিটিএ ৬-এ। গেমটির ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ (Worldwide FM) রেডিও স্টেশনে শোনা যাচ্ছে কলকাতার সংগীতশিল্পী রূপা বিশ্বাসের গান ‘আজ শনিবার’। ১৯৮২ সালে ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবামে প্রকাশিত এই গানটির সংগীতায়োজন করেছিলেন প্রখ্যাত সরোদশিল্পী আশিস খান; যেখানে ডিস্কো ও ফাঙ্ক ছন্দের সঙ্গে ভারতীয় ধ্রুপদি সংগীতের আবহ মিলেছে এবং বাংলা ও হিন্দি—দুই ভাষার কথাই রয়েছে।

গেমের কাল্পনিক অঞ্চল লিওনিডায় গাড়ি চালানোর সময় রেডিওতে গানটি শুনতে পারবেন খেলোয়াড়েরা। ব্রিটিশ ডিজে ও সংগীত উপস্থাপক জিলস পিটারসন পরিচালিত এই স্টেশনের মাধ্যমে পুরোনো বাংলা গানটি নতুন করে আন্তর্জাতিক গেমার ও নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat