নিজস্ব প্রতিবেদকঃ
বর্তমান সরকার সৃজনশীল অর্থনীতিতে বিশেষ জোর দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করেন, এই খাতে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে তিনি ব্যাংকগুলোকে নিজস্ব উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
আজ রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থনীতির গণতন্ত্রায়ন ও অর্থায়ন
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "এসএমই সেক্টরে ফাইন্যান্স ইস্যুতে কোনো সমস্যা হবে না। আমরা অর্থনীতিকে গণতান্ত্রিক করতে চাই।" তিনি উল্লেখ করেন, সৃজনশীল অর্থনীতি বিকাশের মাধ্যমে দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন গতি আসবে।
আয়োজন ও উপস্থিত অতিথিবৃন্দ
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এই মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় সারাদেশের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।