চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দানোত্তম শুভ কঠিন চীবর দান ২০২৬। দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, সংঘদান, সদ্ধর্মদেশনা, চীবর দান, ফানুস উত্তোলন, প্রদীপ পূজা ও ধর্মীয় কীর্তনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মের দান, শীল, মৈত্রী, করুণা ও মানবকল্যাণের শিক্ষা তুলে ধরা হয়।
রোববার (২২ নভেম্বর) ২৫৭০ বুদ্ধাব্দ ও ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আয়োজিত এ উৎসবে পূজনীয় ভিক্ষুসংঘ, জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দানশীল ব্যক্তি ও ধর্মপ্রাণ উপাসক-উপাসিকারা অংশ নেন।
সকালে বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রভাতফেরি, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং ভিক্ষুসংঘের প্রাতঃরাশের আয়োজন করা হয়। সকাল ৯টায় প্রয়াত সংঘ মনীষী ও গ্রামের প্রয়াত জ্ঞাতিদের স্মরণে এবং বিশ্ব মানবতার কল্যাণে অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পঞ্চশীল গ্রহণ, প্রার্থনা ও ধর্মদেশনার মধ্য দিয়ে বুদ্ধের অহিংসা, মৈত্রী, মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পদুয়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও সাতকানিয়া-লোহাগাড়া ভিক্ষু সমিতির সহসাধারণ সম্পাদক ভদন্ত জ্যোতিপ্রিয় থের। সভাপতিত্ব করেন সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ভিক্ষু সমিতির প্রধান উপদেষ্টা সদ্ধর্মনিধি উপসংঘরাজ ভদন্ত ধর্মদর্শী মহাথের। প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি থের। প্রধান জ্ঞাতি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া ভিক্ষু সমিতির মহাসচিব ভদন্ত আনন্দপ্রিয় থের।
এ ছাড়া ধর্মীয় অনুষ্ঠানে সদ্ধর্মদেশক হিসেবে ভদন্ত প্রজ্ঞাবোধি থের, ভদন্ত রাহুলানন্দ থের, ভদন্ত জ্যোতিরক্ষিত থের, ভদন্ত শীলমিত্র থের, ভদন্ত বিশ্বমিত্র থের ও ভদন্ত জ্ঞানদর্শী থের অংশ নেন। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন বাবু মানস বড়ুয়া।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন বিদর্শনাচার্য বিমুক্তিবারিধি ভদন্ত রত্নপ্রিয় মহাথের। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সহসভাপতি সদ্ধর্মধারী বিনয়পাল মহাথের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহাজাহান চৌধুরী, যিনি প্যানেল স্পিকার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। বিশেষ জ্ঞাতি ছিলেন ভদন্ত শুদ্ধানন্দ মহাথের ও কথাসাহিত্যিক ভদন্ত দীপংকর মহাথের। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী পুটিবিলা, লোহাগাড়া, চট্টগ্রামের বাবু প্রেমানন্দ বড়ুয়া (নয়ন)।
প্রধান সদ্ধর্মদেশক হিসেবে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক ও উনাইনপুরা লঙ্কারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত রতনানন্দ থের। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত সংঘমিত্র থের। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ভদন্ত এস. ধর্মতিলক থের (এমবিএ)। সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন মধ্যম বিনাজুরী মিলনারাম বিহারের উপাধ্যক্ষ ভদন্ত জয়পাল থের।
অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন পদুয়া ত্রিরত্ন বৌদ্ধ বিহার কমিটির সভাপতি ও সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের সাবেক সভাপতি বাবু অরুণ বড়ুয়া। স্বাগত ভাষণ দেন বিহার কমিটির সাধারণ সম্পাদক ব্যাংকার সুমন বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন বিহার কমিটির ধর্মীয় সম্পাদক বাবু স্বপন বড়ুয়া। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তরিকা বড়ুয়া, তবলায় সহযোগিতা করেন সুদীপ্ত বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মৌসুমী বড়ুয়া, পরিতোষ বড়ুয়া ও পূজাশ্রী বড়ুয়া।
সন্ধ্যা ৭টায় ফানুস উত্তোলন ও প্রদীপ পূজা অনুষ্ঠিত হয়। রাত ১০টায় বিকাশ দত্ত ও হৃদয় বড়ুয়ার পরিবেশনায় বুদ্ধ ধর্মীয় পালা কীর্তনের মধ্য দিয়ে উৎসবের তৃতীয় পর্ব আয়োজন করা হয়।
কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এ দানের মধ্য দিয়ে ভিক্ষুসংঘের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করা হয়। একই সঙ্গে দান, ত্যাগ, সংযম, মৈত্রী, করুণা ও মানবকল্যাণের চেতনা জাগ্রত হয়। বুদ্ধের মহান শিক্ষা অনুসরণ করে বিশ্বশান্তি, সম্প্রীতি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে বিশ্বশান্তি, সকল প্রাণীর মঙ্গল এবং মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় পুণ্য উৎসর্গ করা হয়। আয়োজক পদুয়া ত্রিরত্ন বৌদ্ধ বিহার কমিটি ও দায়ক-দায়িকবৃন্দ ধর্মপ্রাণ সকলকে অংশগ্রহণের মাধ্যমে পুণ্যদানানুষ্ঠানকে সফল ও সার্থক করার আহ্বান জানান।
এ জাতীয় আরো খবর..