১৬ বছরের কম বয়সী শিশুদের ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুলও জারি করা হয়েছে।
আজ রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর।
কমিটি গঠন ও রুলের নির্দেশনা
নীতিমালা তৈরির জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে দ্রুত একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর রিটটি দায়ের করেন। জারি করা রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা তৈরিতে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং নীতিমালা প্রণয়ন ও শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারীর বক্তব্য ও গবেষণার তথ্য
আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, দেশে এ বিষয়ে কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে এবং এতে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে; অনেকের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে।
রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলা হয়, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় পর্দার সামনে কাটায়, যা আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সময়সীমার চেয়ে বেশি। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং যন্ত্র ব্যবহার করে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা সময় ব্যয় করে।
স্বাস্থ্যগত ঝুঁকি ও বিশেষজ্ঞদের সতর্কতা
গবেষণার বরাত দিয়ে আবেদনে আরও বলা হয়, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং প্রায় ৮০ শতাংশ শিশুর নিয়মিত মাথাব্যথা হয়। প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় পর্দা ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও কম—তারা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়, যেখানে এ বয়সী শিশুদের শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন। এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া প্রায় ১৪ শতাংশ শিশুর অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যা রয়েছে; দীর্ঘ সময় পর্দার সামনে থাকা শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার দক্ষতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি সামগ্রিক মানসিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।