- প্রকাশিত : ২০২৫-১০-২৬
- ২৮০ বার পঠিত
ফেনী প্রতিনিধি:
ফেনী শহরের স্টার গেস্ট হাউজে মো. হানিফ (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর ২০২৫) ভোররাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোররাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হানিফ হোটেলের তৃতীয় তলায় ওঠেন। পরদিন সকাল ১০টার দিকে হোটেলের ম্যানেজার উপরে গেলে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) বলেন, “লাশের গলায় প্লাস্টিকের রশি ও সিগারেটের প্যাকেট বাঁধা অবস্থায় পাওয়া যায়। প্যাকেটের ভিতরে ২০ টাকার একটি নোট ছিল। শরীরে বৈদ্যুতিক শকের মতো দাগও পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।”
তিনি আরও জানান, হানিফ দুই দিন আগে চাকরির উদ্দেশ্যে হোটেলে ওঠেন।
এদিকে নিহতের বড় ভাই শহিদ অভিযোগ করেন, “হানিফ কিছু খারাপ আড্ডায় জড়িয়ে পড়েছিল, যার কারণে শত্রু তৈরি হয়। আমি মনে করি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাছাড়া সে তো ত্রি-স্টার হোটেলে চাকরি করতো, তাহলে স্টার গেস্ট হাউজে গেলো কেন?”
ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে এই তথ্য যে হানিফ দুই দিন ধরে হোটেলে থাকলেও তার কক্ষে কোনো জামাকাপড় বা ব্যক্তিগত জিনিস পাওয়া যায়নি।
অন্যদিকে হোটেল মালিক আমির হোসেন জানান, স্টার গেস্ট হাউজের অংশীদার হিসেবে তার সঙ্গে আরও দুজন রয়েছেন জাহিদুল ইসলাম সাগর ও নাজিম উদ্দিন, যিনি কথিত সাংবাদিক পরিচয়ে চলাফেরা করেন। প্রাথমিকভাবে নাজিম পার্টনারশিপ অস্বীকার করলেও পরে মুখে স্বীকার করে বলেন, “আমি কাগজে নয়, শুধু কথায় পার্টনার।”
স্থানীয় সূত্র জানায়, নাজিম কথিত সাংবাদিক পরিচয় ব্যবহার করে মহিপাল এলাকায় একাধিক হোটেলে অবৈধ দেহ ব্যবসা পরিচালনা করেন। এছাড়া শহরের লালপোল এলাকায় তার দেহব্যবসা কলোনি পরিচালনার অভিযোগও রয়েছে। এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে তার পরিচালিত থ্রি-স্টার কিংবা স্টার গেস্ট হাউজের রহস্যজনক মৃত্যুর যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
ফেনী মডেল থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..