নারায়ণগঞ্জে রেলের গুণগত মানোন্নয়ন ও মেট্রোরেল সম্প্রসারণের দাবিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি বলেন, “রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও স্থাপনার তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।”
রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম তার বক্তব্যে বলেন, “নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণের দাবি সম্পূর্ণ যৌক্তিক। বিদেশের অনেক দেশে রাজধানীর পাশের শহরগুলোতেও মেট্রোরেল সংযোগ রয়েছে। সেক্ষেত্রে ঢাকার পার্শ্ববর্তী শহর নারায়ণগঞ্জেও মেট্রোরেল বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় আনা উচিত।”
তিনি আরও বলেন, “মেট্রোরেল প্রকল্প বর্তমানে সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের আওতাধীন। আমি এসেছি আপনাদের কথা শুনতে এবং এই দাবি সংশ্লিষ্ট ফোরামে তুলে ধরতে। মেট্রোরেল কর্তৃপক্ষ ও উপদেষ্টাদের কাছেও নারায়ণগঞ্জবাসীর আকুতি পৌঁছে দেব।”
আলোচনা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা রেলপথ সচিবকে ‘গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচি’র অংশ হিসেবে একটি ক্রেস্ট, সোনারগাঁও পানাম সিটির আদলে তৈরি একটি স্মারক কাঠামো এবং “কেবল নয় ফলাফল মুখী শিক্ষা, বিকশিত হোক মানবতার দীক্ষা—নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা” শ্লোগানে মোড়ানো একটি উপহার সামগ্রী প্রদান করেন। সচিব মো. ফাহিমুল ইসলাম এই সম্মাননা পেয়ে অত্যন্ত আনন্দিত হন।
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সচিব মো. নূর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতের মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, এনসিপি কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলীয় সংগঠক শওকত আলী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও এনসিপি কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নিরব রায়হান প্রমুখ।
এ জাতীয় আরো খবর..