গোপাল দাস হৃদয়,সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস ভিত্তিক) এবং গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দিনব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা এলজিইডির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহর সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিআইএস বিশেষজ্ঞ শামছুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা জনস্বাস্থ্য উপপ্রকৌশলী মো. সাইদুল ইসলাম খান, উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মুহাম্মদ গিয়াস উদ্দিন, বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু, শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,সিরাজদিখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেনসহ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের সচিবসহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন,জিআইএস ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান আমাদের সড়ক উন্নয়ন কার্যক্রমকে আরও স্বচ্ছ ও পরিকল্পিত করবে। কোন সড়ক আগে উন্নয়ন করা প্রয়োজন এখন তা নির্ধারণ করা অনেক সহজ হবে। উন্নয়নের প্রতিটি ধাপে মাঠ পর্যায়ের তথ্য এবং স্থানীয় মানুষের মতামতকে আমরা গুরুত্ব দিচ্ছি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সড়ক ব্যবস্থাপনা আধুনিক হবে এবং জনগণ এর সুফল পাবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, সম্ভাব্য উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।