রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করেছেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী রাহাত আরা বেগম।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উড়োজাহাজযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়া স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সরাসরি সিলেট সার্কিট হাউজে যান। সেখানে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
সার্কিট হাউজে সংক্ষিপ্ত বিরতি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর দরগাহ গেট এলাকায় সুফি সাধক হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি। জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির উত্তরোত্তর অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে রাষ্ট্রপতি হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করেন এবং যোহরের নামাজ আদায় করেন। সেখানে মাজার জিয়ারত করে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউজে ফেরেন।
এ জাতীয় আরো খবর..