সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি
ভারতের রাজধানী দিল্লিতে ফের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে একটি পার্কে পুলিশের পরিচয় দিয়ে ১৭ বছরের এক কিশোরীকে ৩ যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ।
ঘটনার তদন্তে নেমে গুলির লড়াইয়ের পর এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ২ জনের সন্ধানে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭টা৩০ মিনিটে ওই কিশোরী এক বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে গিয়েছিল। মন্দির থেকে বেরিয়ে তারা কাছের একটি পার্কে বসে। অভিযোগ, সেই সময় ২৫ থেকে ৩০ বছর বয়সি ৩ যুবক সেখানে আসে এবং নিজেদের পুলিশ কর্মী বলে পরিচয় দেয়। এরপর অস্ত্র ও ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে কিশোরীর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্তরা কিশোরী ও তার বন্ধুকে হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাত ৮টা ৪৫ মিনিটে পিসিআর কলের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। তার বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অমর কলোনির ডিএম অফিস রোড সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।
তল্লাশির সময় আসিফ নামে এক অভিযুক্তে আটক করার চেষ্টা করা হলে গুলির লড়াই হয়। পুলিশের গুলিতে তাঁর ডান পায়ে আঘাত লাগে এবং পরে তাকে গ্রেফতার করা হয়। বাকি ২ অভিযুক্তের খোঁজে অভিযান চলছে। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে।
এ জাতীয় আরো খবর..