সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি
৪ বাংলাদেশি যুবক সহ ৫ জনকে আটক করেছে আসামের বদরপুর পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর ) সন্ধ্যায় বদরপুর থানার মহাকল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চিরুনি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে কাটিগড়া থানার জগদীশপুর গ্রামের ফজল উদ্দিন নামে এক যুবক ও রয়েছেন। শ্রীভূমি জেলার বর্ডার পুলিশের ডিএসপি মুকুট কাকতি, বদরপুর থানার ওসি অসিত রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে প্রকাশ, আটককৃত বাংলাদেশি নাগরিকরা হলেন, রেজাউল করিম, সাবির আহমদ, রাসেল আহমদ ও হাসান আহমদ। তাঁদের বাড়ি বাংলাদেশের সিলেট ও জকিগঞ্জ এলাকায় বলে জানা গেছে।
পুলিশের অনুমান, ভারত থেকে মহিষ সংগ্রহ করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই তাঁরা মহাকল এলাকায় এসেছিলেন।
স্থানীয় যুবক ফজল উদ্দিনের সঙ্গে তাঁদের কি ধরনের যোগাযোগ ছিল এবং পেছনে কোনও বড় পাচার চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ৪ জন বাংলাদেশি নাগরিক কিভাবে ভারতে অনুপ্রবেশ করলেন এবং তাঁদের কাছে বৈধ নথিপত্র ছিল কি না, সেই বিষয়ে ও তদন্ত শুরু করেছে পুলিশ বাহিনী। আটককৃত ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ও শুরু হয়েছে।