সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৪ ডাক্তারি পড়ুয়ার। বুধবার (৩ ডিসেম্বর ) রাতে ভারতের উত্তরপ্রদেশের আমরোহায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ৪ পড়ুয়ার নাম অর্ণব চক্রবর্তী, আয়ূষ শর্মা, শ্রেষ্ঠ পাঞ্চোলি এবং সপ্তষি দাস। ভেংকটেশ্বর বিশ্ববিদ্যালয়ের এমবিবিএম পড়ুয়া ছিলেন তাঁরা। বুধবার (৩ ডিসেম্বর ) রাত ৯টা ৪৫ মিনিটে আমরোহার রাজবপুর এলাকার আত্রাসির কাছে দিল্লি- লখনউ জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। ওই সময় ৪ বন্ধু গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। পুলিশ সূত্রে প্রকাশ, ভেংকটেশ্বর বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি গাড়ি থেকে বার করে আনে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, গাড়িটি থেকে একাধিক মদের বোতল এবং চিপসের প্যাকেট উদ্ধার হয়েছে। ফলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই পড়ুয়ারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছেন ভেংকটেশ্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব ত্যাগী। মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়। ঠিক কিভাবে ওই দুর্ঘটনা ঘটল, জানতে তদন্ত শুরু হয়েছে।