নরিন জাহান, জেলা প্রতিনিধি (নারায়ণগঞ্জ):
হত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর থানার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আমিন বুলবুল হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।
চরমোনাই পীর বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর মানুষ একটি নিরাপদ ও সুন্দর রাষ্ট্রের প্রত্যাশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশার সঙ্গে বর্তমান বাস্তবতার মিল নেই বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, সরকার পরিবর্তনের পরও খুন, সন্ত্রাস, অর্থ পাচারসহ বিভিন্ন অপরাধ ফ্যাসিস্ট সরকার সাথে মিল রেখে ধারাবাহিকতার সহিত চলমান রয়েছে,
বুলবুল হত্যার প্রসঙ্গে তিনি বলেন, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের কর্মসূচি অব্যাহত থাকবে। অপরাধীদের শাস্তির ক্ষেত্রে গড়িমসি হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারিও দেন তিনি।
সমাবেশে মানুষের দৈনন্দিন দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন চরমোনাই পীর। তাঁর বক্তব্যে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং নাগরিকদের প্রত্যাশিত সেবা না পাওয়ার বিষয়গুলো উঠে আসে। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির চাপ সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ছে; এ অবস্থায় জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও মৌলিক সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এসব ক্ষেত্রে মানুষের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বুলবুল হত্যার বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
এ জাতীয় আরো খবর..