মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নওগাঁর বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বদলগাছী উপশাখা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) গোবরচাঁপাহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বদলগাছী উপশাখার ইনচার্জ মো. শাহাদত হোসাইন বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতা ও সচেতনতা, সঞ্চয়ের গুরুত্ব, ব্যাংক হিসাব খোলার প্রয়োজনীয়তা, ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা এবং আর্থিক নিরাপত্তা বিষয়ে ধারণা প্রদান করেন।
বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নিয়মিত সঞ্চয়ে উৎসাহিত করেন এবং ব্যাংকিং সেবার নিরাপদ ও সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, পিন ও ওটিপি গোপন রাখাসহ বিভিন্ন বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আর্থিক সাক্ষরতা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক বিষয়ে সচেতন হয়ে উঠবে এবং ভবিষ্যতে দেশের আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হবে।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..