মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ-শাহাগোলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশিলদার মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিককে ঘুষের প্রস্তাব দিয়ে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। শুধু এককালীন আর্থিক সুবিধাই নয়, অভিযোগ-সংক্রান্ত সংবাদ প্রকাশ থেকে বিরত রাখতে নিয়মিত মাসিক অর্থ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সাংবাদিক মো. সবুজ হোসেন। এ ঘটনায় নওগাঁর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আহসানগঞ্জ-শাহাগোলা ইউনিয়ন ভূমি অফিসে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও দালালদের দৌরাত্ম্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান করছিলেন সাংবাদিক সবুজ হোসেন। এ সময় অভিযুক্ত কর্মকর্তার পক্ষে পরিচয়দানকারী এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ-সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ না করার জন্য তাঁকে প্রভাবিত করার চেষ্টা করা হয় এবং আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিকের দাবি, তাঁকে প্রতি মাসে নিয়মিত অর্থ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। এ ধরনের প্রস্তাবের মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
অভিযোগপত্রে বলা হয়েছে, ঘটনার সমর্থনে ফোনকল, মেসেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংরক্ষণ করা হয়েছে। এসব তথ্য যাচাই করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ভূমি অফিসে উত্থাপিত অনিয়মের অভিযোগগুলো তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগে সাংবাদিক সবুজ হোসেন ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভূমি অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগগুলোও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
সাংবাদিক মো. সবুজ হোসেন বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক প্রলোভনে প্রভাবিত হওয়ার প্রশ্নই আসে না। জনস্বার্থে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
এদিকে, অভিযুক্ত সহকারী তহশিলদার মোস্তাফিজুর রহমানের বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
এ জাতীয় আরো খবর..