সৈয়দ মাহমুদ, কালকিনি প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ২৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে কালকিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মজিদবাড়ি এলাকার একটি গুদামঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মজিদবাড়ি এলাকার মৃত হাজী আব্দুল মালেক সরদারের ছেলে মো. ইমাম সরদার (৪৫), মো. আনোয়ার বেপারীর ছেলে মো. আকাশ বেপারী (২৮), মো. সেকেন্দার আলী সরদারের ছেলে মো. আরাফাত হোসেন মুন (২৪), মৃত রাজ্জাক সরদারের ছেলে মো. জোবায়ের সরদার (২২), মো. আবু বক্কর বেপারীর ছেলে মো. সাকিবুল হাসান (২২) এবং মৃত আব্দুল হালিম সরদারের ছেলে মেহেদী হাসান (৩৫)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় কালকিনি থানার এসআই হানিফ সরকার ও এএসআই লেলিন আল মুনতাজ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় গুদামঘর থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
কালকিনি থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আলম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..