নিজস্ব প্রতিবেদক:
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে কেবল তার পরিবার নয়, পুরো বিএনপি পরিবার এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজায় অংশ নিয়ে স্মৃতিচারণাকালে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম জানান, সালাহউদ্দিন আহমেদ আজীবন দল ও এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুর মাত্র দুই দিন আগেও শয্যাশায়ী অবস্থায় তিনি নিজের বা পরিবারের কথা না ভেবে দল ও এলাকার উন্নয়নের চিন্তা প্রকাশ করেছেন। বিশেষ করে তার এলাকায় একটি কমিউনিটি সেন্টার ও হাসপাতাল নির্মাণের দীর্ঘদিনের ইচ্ছে ছিল।
ডিএসসিসি প্রশাসক আশ্বাস দিয়ে বলেন, "আমি তাকে কথা দিয়েছিলাম, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার এই অসম্পূর্ণ স্বপ্ন ও পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব।"
রাজনীতিতে সালাহউদ্দিন আহমেদের অবদানের কথা স্মরণ করে আবদুস সালাম বলেন, "আমাদের আন্দোলন-সংগ্রাম এবং সংগঠনকে শক্তিশালী করার প্রতিটি পদক্ষেপে তিনি সবসময় আমাদের পাশে ছিলেন। মৃত্যুর পরও তিনি তার কর্মের মধ্য দিয়েই আমাদের মাঝে বেঁচে থাকবেন।"
প্রয়াত এই নেতার সন্তান এবং ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আহমেদ রবিনের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে তিনি আশা ব্যক্ত করেন যে, আহমেদ রবিন তার বাবার আদর্শ বজায় রেখে যোগ্য নেতৃত্ব প্রদানে সক্ষম হবেন।
জানাজায় অংশ নেওয়া নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবদুস সালাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও নেতাকর্মীদের ধৈর্য ধারণের জন্য আল্লাহর দরবারে দোয়া জানান।