জেলা প্রতিনিধি:
নেত্রকোণায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ভ্যানগাড়ি, মোবাইল ফোন ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানের স্থান ও সময়: গত বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে নেত্রকোণা মডেল থানার ত্রিয়িশ্রী বাজারের মেইন রোডসংলগ্ন রাকিব রুম্মি ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিকস দোকানের সামনে এই অভিযান পরিচালিত হয়
ইয়াবা উদ্ধার: পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির পূর্বাঞ্চলীয় টিমের কর্মকর্তা এসআই মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রুজেল মিয়া (৩৫) নামের এক ব্যক্তির ভ্যানগাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় খাকি রঙের কার্টনের ভেতর থেকে বিশেষ কৌশলে রাখা চারটি পোটলা থেকে ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা
জব্দকৃত অন্যান্য মালামাল: মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পলাতক আসামি রফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে