×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-১৮
  • ১৮ বার পঠিত
জনি হোসেন, (নীলফামারী) স্টাফ রিপোর্টারঃ

নীলফামারী সদর উপজেলার ৯নং ইটাখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ গোলাম রব্বানীকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বাদ মাগরিব ইটাখোলা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে তাঁর নাম ঘোষণা করা হয়।

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন নীলফামারী সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল মুসা। পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, কোনো জাতি নিজের অবস্থার পরিবর্তনে উদ্যোগী না হলে আল্লাহ তাদের অবস্থার পরিবর্তন করেন না। এ সময় তিনি নিজেদের পরিবর্তনে উদ্যোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের মতামতের ভিত্তিতে যাচাই-বাছাই করে গোলাম রব্বানীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি জামায়াতের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে গোলাম রব্বানীকে ইটাখোলা ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ দিতে ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান। তিনি ইটাখোলাকে একটি মডেল ইউনিয়নে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সবাই একনিষ্ঠভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে, ইনশাআল্লাহ।

জেলা জামায়াতের যুগ্ম সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম তাঁর বক্তব্যে অতীত পরিস্থিতির প্রসঙ্গ তুলে বলেন, আগে ইটাখোলার মানুষকে পুলিশের ভয়ে পালিয়ে থাকতে হতো। এবার তাঁরা এমন নেতৃত্ব সামনে আনতে চান, যিনি এলাকার মানুষকে এ ধরনের হয়রানির শিকার হতে দেবেন না।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে আমানত তার হকদারের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি গোলাম রব্বানীর পক্ষে সমর্থন চেয়ে বলেন, জনগণের বিবেচনায় ভোট একটি মূল্যবান আমানত।

সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সৎ ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই গোলাম রব্বানীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

এ ছাড়া সমাবেশে সদর উপজেলা জামায়াতের আমির মোকলেছুর রহমান বক্তব্য দেন।

নবমনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম রব্বানী তাঁর বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেন। নির্বাচিত হতে পারলে ইটাখোলা ইউনিয়নের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সমাবেশে বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat