ইব্রাহীম আশেকী রনি, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা নোয়াহ মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইসমাইল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রেস নোট সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটে রায়পুরা থানাধীন মর্জাল ব্রিজের ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মাইক্রোবাস পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রায়পুরা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) টিএম ফরিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ধাওয়া করে।
পরে উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকার সাকিনস্থ পলাতক আসামি জামাল মিয়ার গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ইসমাইল মিয়া নামে এক ব্যক্তিকে ৭০ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের একটি পুরোনো টয়োটা নোয়াহ মাইক্রোবাসও জব্দ করা হয়।
জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা বলে প্রেস নোটে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এ জাতীয় আরো খবর..