স্টাফ রিপোর্টারঃ
ভোলার বোরহানউদ্দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের ভিডিও ধারণ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এ সময় তাঁদের মারধর, দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল ওরফে ‘কাব জাব কামাল’সহ কয়েকজনের বিরুদ্ধে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার হাকিমউদ্দিন বেড়িবাঁধসংলগ্ন মেঘনার তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন—দৈনিক আমাদের মাতৃভূমি ও প্রতিদিনের কাগজ-এর বোরহানউদ্দিন প্রতিনিধি রিয়াজ ফরাজী, দৈনিক আলোচিত কণ্ঠের প্রতিনিধি মো. নুরনবী, জাতীয় দৈনিক মুখপাত্রের জেলা প্রতিনিধি তুহিন ফরাজী এবং দৈনিক অপরাধ দমনের প্রতিনিধি মহসিন হাওলাদার।
ভুক্তভোগীদের অভিযোগ, মা ইলিশ শিকারের তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণের সময় কামাল, ফরহাদ, আজাদ, সোহেলসহ কয়েকজন তাঁদের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..