চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশকে হামলা করে পালিয়ে যাওয়া এবং সিটি মেয়রের কার্যালয়ে অবস্থান করেও গ্রেপ্তার এড়ানোর অভিযোগের পর অবশেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন পাননি তিনি। গতকাল রোববার চট্টগ্রাম আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন বগা। তবে চট্টগ্রাম আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহীদুল ইসলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী জানান, চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন আসামি ওয়াকিল হোসেন। আদালত তাঁর আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আইনজীবী অ্যাডভোকেট আরিফুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৯ আগস্ট নগরের পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগ ওঠে বগার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষক খুলশী থানায় মামলা করেন, যেখানে ওয়াকিল হোসেনকেও আসামি করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর বগাকে গ্রেপ্তার করতে গেলে তাঁর অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে বলে অভিযোগ রয়েছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং খুলশী থানার ওসি আবদুর রহমানসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পুলিশের দাবি, হামলার একপর্যায়ে বগা পরিবারের সদস্যদের সহযোগিতায় বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান। পরে ১৩ সেপ্টেম্বর তাঁর বাবা বাদী হয়ে খুলশী থানার ওসি আবদুর রহিমসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এরপর গত ৬ অক্টোবর রাতে বগাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে অভিযান চালায় খুলশী থানা পুলিশ। নগর ভবনে বগার অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে গেলেও শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করেই ফিরে আসে। এ ঘটনায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের হস্তক্ষেপে বগা গ্রেপ্তার এড়িয়েছেন বলে অভিযোগ ওঠে।
ওই রাতে মেয়রকে প্রশ্ন করায় কয়েকজন সাংবাদিককে তাঁর অনুসারীরা ধাক্কা দেন এবং কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে এবার আদালতে আত্মসমর্পণ করে জামিন না পাওয়ায় কারাগারে যেতে হচ্ছে ওয়াকিল হোসেন বগাকে।
এ জাতীয় আরো খবর..