সাইফুল ইসলাম, প্রতিনিধি পটিয়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের পটিয়ায় যৌতুকপ্রথার বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং দুই অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জাতীয় ছাত্র শক্তি পটিয়া উপজেলা শাখার উদ্যোগে পটিয়া থানার মোড় চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের নেতাকর্মী, নিহত দুই নারীর পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন।
জাতীয় ছাত্র শক্তি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম তৌকিরের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্যসচিব সাকিবুল ইসলাম সাকিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের মুখ্য সংগঠক মিছকাত আহমেদ ও যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ আশরাফুল (সিফাত) প্রমুখ।
বক্তারা বলেন, ‘যৌতুক কেবল একটি পারিবারিক সমস্যা নয়; এটি নারীর অধিকার, মর্যাদা এবং সামগ্রিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। এই সামাজিক ব্যাধি নির্মূলে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’ বিয়েতে যৌতুক লেনদেন কঠোরভাবে বন্ধ করার পাশাপাশি নির্যাতনের শিকার নারীদের আইনি ও সামাজিক সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
মানববন্ধনে পটিয়া উপজেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আশরাফুল ইসলাম তৌকির বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পরিবর্তে একটি মহল নিহতের বিপক্ষে বিরূপ মন্তব্য করছে—যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি বিবাদীদের পক্ষে থানায় তদবির বা সুপারিশকারীদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানান স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনামের কাছে।
নিহতদের পরিবারের সদস্যরা আকুল আবেদন জানিয়ে বলেন, ‘কয়েকদিন আগেও আমাদের পরিবারের আদরের মানুষগুলো আমাদের সঙ্গে ছিল। আজ নিষ্ঠুর বর্বরতায় তারা আমাদের থেকে চিরতরে হারিয়ে গেছে। একটি তাজা প্রাণ ঝরে গেলেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।’ প্রশাসনের কাছে খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসি নিশ্চিত করার দাবি জানান তারা।
প্রতিবাদ সমাবেশ শেষে যৌতুকপ্রথা চিরতরে বন্ধ, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুই অন্তঃসত্ত্বার মৃত্যুর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার প্রতিষ্ঠার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পটিয়া থানার মোড় চত্বর। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
এ জাতীয় আরো খবর..