মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতের অন্ধকারে ২০ জন নাগরিককে জোরপূর্বক পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধায় বিএসএফের সেই অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়।
গত শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে জুড়ী ও বড়লেখা উপজেলার অত্যন্ত দুর্গম পাহাড়ি সীমান্ত দিয়ে এই অবৈধ পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ।
সংবাদ পেয়ে বিজিবির সংশ্লিষ্ট টহল দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং সাহসিকতার সাথে তাদের প্রতিহত করে। পরবর্তীতে বিজিবির কঠোর অবস্থানের মুখে পিছু হটতে বাধ্য হয়ে বিএসএফ পুশ-ইনের চেষ্টাকারীদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবি পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কঠোরভাবে প্রতিহত করতে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।