আল- আমিন সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শীতের আমেজে সিরাজগঞ্জের উল্লাপাড়ার খাল-বিল ও জলাশয়গুলোতে মুখর হয়ে উঠেছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। দূরদূরান্ত থেকে আসা এসব পরিযায়ী পাখির কলকাকলিতে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় প্রকৃতি। তবে পাখির এই অবাধ বিচরণের মাঝেও একশ্রেণির অসাধু চক্রের বিরুদ্ধে ফাঁদ পেতে পাখি শিকার ও উন্মুক্ত বাজারে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে।
উপজেলার বিভিন্ন নিচু জমি ও জলাশয়ে শীতের শুরুতেই বক, পানকৌড়ি ও বালিহাঁসসহ নানা জলচর পাখির দেখা মেলে। পরিবেশবাদীদের মতে, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এবং জীববৈচিত্র্য রক্ষায় এই পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু কতিপয় ব্যক্তির নির্বিচারে পাখি শিকারের প্রবণতায় এই প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ এখন হুমকির মুখে।
বড়পাঙ্গাসী ইউনিয়নের বাসিন্দা আমির হোসেন জানান, কিছু অসাধু লোক বিভিন্ন কৌশলে ফাঁদ পেতে পাখি শিকার করছেন এবং গোপনে তা বিক্রি করছেন। এই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে স্থানীয় সচেতন মহলের পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি অত্যন্ত প্রয়োজন।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম বলেন, "অতিথি পাখি প্রকৃতির অমূল্য সম্পদ। এদের শিকার বা বিক্রি করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। কেউ যদি ফাঁদ পেতে অতিথি পাখি শিকার বা বিক্রির সঙ্গে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।"
প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জলাভূমির সৌন্দর্য অটুট রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ জাতীয় আরো খবর..