নিজস্ব প্রতিবেদক:
বিগত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই ছাড়া দেশে একের পর এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানহীন এসব প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রির সনদ দিয়ে সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে এবং অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রসারের বদলে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দিয়ে কখনো উচ্চশিক্ষার সাফল্য বিচার করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শোভন কর্মসংস্থানের সুযোগই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মানদণ্ড। দেশের শিক্ষাব্যবস্থাকে এই স্থবির অবস্থা থেকে বের করে আনতে হবে। বিভিন্ন শিক্ষাধারার বৈষম্য দূর করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। তবে এই অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না।’’
উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ করার তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান। তিনি তরুণদের কেবল চাকরিপ্রার্থী না বানিয়ে দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির প্রভাব তুলে ধরে তিনি বলেন, ‘‘প্রযুক্তি দ্রুত কর্মজগতের ধারা পাল্টে দিচ্ছে। ফলে শুধু সনদ বা ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; নিয়মিত নতুন বিষয় শেখার মানসিকতা, স্বাধীন চিন্তাধারা, সমস্যা সমাধানের দক্ষতা ও অভিযোজনক্ষমতা অর্জন করতে হবে। তবে প্রযুক্তির ওপর যেন অন্ধ নির্ভরতা না আসে—প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।’’
স্নাতকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘‘সমাবর্তন কেবল একটি সনদ গ্রহণের অনুষ্ঠান নয়, এটি অর্জিত জ্ঞান দেশ ও সমাজের কল্যাণে নিবেদনের অঙ্গীকার। স্নাতকদের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ নয়, বরং অন্যের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনা যাচ্ছে সেটিই মূল বিষয়। তাই শিক্ষার্থীদের সর্বদাই সত্য, ন্যায় ও নৈতিকতার পক্ষে থাকতে হবে।’’
সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য, উপাচার্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আইইউবির ২৭তম সমাবর্তনে এবার মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে ডিগ্রি অর্জন করেন।