নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরে নাম বাবু’কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই লিটন মাহমুদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কোন নির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।