এইচ. এম. সাইমুন, রিপোর্টার, দৈনিক সোনালী কণ্ঠ :
মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফেনীর নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আকস্মিক পরিদর্শন করেছেন। শনিবার (২১ নভেম্বর) তিনি ছাগলনাইয়া থানা, ছাগলনাইয়া সার্কেল অফিস এবং গোপাল তদন্ত কেন্দ্র ঘুরে দেখেন।
পরিদর্শনকালে থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ সংশ্লিষ্ট থানা ও তদন্ত কেন্দ্রের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ দমনে নেওয়া পদক্ষেপগুলোর খোঁজখবর নেন। পাশাপাশি মামলার তদন্ত অগ্রগতি, সেবাপ্রার্থীদের প্রতি আচরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা ও শৃঙ্খলা সরেজমিনে খতিয়ে দেখেন।
উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষের আস্থা অর্জন করাই পুলিশ বাহিনীর প্রধান লক্ষ্য। এ জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ নিয়ে দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া থানায় আসা ভুক্তভোগীদের অভিযোগ গুরুত্ব ও আন্তরিকতার সাথে শোনার পরামর্শ দেন।
পরিদর্শনকালে তিনি থানা ও তদন্ত কেন্দ্রের হাজতখানা, মালখানা, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং দাপ্তরিক নথিপত্র পর্যবেক্ষণ করেন। শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা লিপিবদ্ধ করেন।
এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাইদুর রহমান এবং ছাগলনাইয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইমতিয়াজ আহম্মেদ (পিপিএম) উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..