নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই; বিএনপি সেই জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে।
আজ রোববার (২২ নভেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দায় জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নেত্রকোনা-১ আসনে নির্বাচনী দায়িত্ব পালনকারী ৪৪৬ জন পোলিং এজেন্ট অংশ নেন।
অতীতের সহিংসতা ও গণতান্ত্রিক ধারার প্রসঙ্গ
বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, দেশের একটি বিশেষ রাজনৈতিক দল কখনোই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি। তারা স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠার শুরু থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সাল পর্যন্ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। মাত্র দেড় মাসে ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগসহ অতীতের সহিংসতার ঘটনা দেশবাসী ভুলে যায়নি উল্লেখ করে তিনি বলেন, আবারও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।
নতুন ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে চায় এবং এজন্য দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। অতীতে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার অভিযোগে জনপ্রতিনিধিদের জবাবদিহিতাও দুর্বল হয়ে পড়েছিল বলে মন্তব্য করেন তিনি।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডেপুটি স্পিকার আরও বলেন, এমন একটি দেশ গড়তে হবে যেখানে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা, আইনের শাসন ও সমান অধিকার নিশ্চিত হবে—কেউ আশরাফ, কেউ আতরাফ নয়; সবাই সমান নাগরিক মর্যাদা ভোগ করবেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়েরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।