ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে সাইবার নিরাপত্তা আইনের মামলাসহ বিভিন্ন মামলায় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাইবার নিরাপত্তা আইনের একটি মামলার একজন, ২০২০ সালের একটি মামলার চারজন এবং আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামি রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদর উপজেলার কমলপুর (ছয়ঘরিয়া) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. সালমান সাঈদ ওরফে সামী (১৯); ধুনট উপজেলার কুড়িগাঁতী গ্রামের মো. নুরনবী ওরফে বজলু, মো. রাসেল, মো. শাহীন ও মো. হযরত আলী ওরফে আলীম ওরফে শাহা আলী এবং নাটাবাড়ী গ্রামের শ্রী রাম চন্দ্র দাসের ছেলে শ্রী রাজ কুমার দাস।
ওসি মো. আতিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ছয় আসামিকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..