×
সদ্য প্রাপ্ত:
পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১৬
  • ৩৯ বার পঠিত
এসএম দৌলত, জেলা প্রতিনিধি, বগুড়া:

নতুন ধানের ঘ্রাণে মাতোয়ারা পুরো গ্রাম। বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে ভাপা পিঠা, পুলি, পায়েশ, নাড়ুসহ নানা রকমের মুখরোচক খাবার। আত্মীয়-স্বজন, মেয়ে-জামাইয়ের পদচারণায় প্রতিটি বাড়িতে যেন আনন্দের ঢেউ। অতিথি আপ্যায়নের জন্য জবাই করা হয়েছে ১২টি গরু ও ১৪টি মহিষ। বসেছে বিশাল গ্রামীণ মেলা। কোথাও নাগরদোলা, কোথাও মোরগ লড়াই, আবার কোথাও চলছে দৌড় প্রতিযোগিতা ও রশি টানাটানি। সব মিলিয়ে নতুন ফসল ঘরে তোলার আনন্দে উৎসবের গ্রামে পরিণত হয়েছে বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রাম।

জানা যায়, প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য ধারণ করে প্রতি বছরই এমন ব্যতিক্রমী আয়োজনে নবান্ন উৎসব পালন করেন গ্রামবাসী। শুধু নতুন ধানের খাবার কিংবা অতিথি আপ্যায়ন নয়, এ উৎসব পরিণত হয়েছে পারিবারিক বন্ধন, সম্প্রীতি ও গ্রামীণ সংস্কৃতির এক অনন্য মিলনমেলায়। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী এ নবান্ন উৎসব। উৎসবকে কেন্দ্র করে কয়েক দিন আগে থেকেই গ্রামে আসতে শুরু করেছেন মেয়ে-জামাই, আত্মীয়-স্বজন ও দূরদূরান্তে বসবাস করা স্বজনেরা। তাঁদের আগমনে প্রতিটি বাড়ি পরিণত হয়েছে আনন্দ-আড্ডার মিলনকেন্দ্রে। পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, ঠিক কবে বা কার হাত ধরে শালগ্রামে এ নবান্ন উৎসবের সূচনা হয়েছিল, তার সুনির্দিষ্ট ইতিহাস জানা নেই। তবে বংশপরম্পরায় দুই শতাধিক বছর ধরে উৎসবটি পালন করে আসছেন গ্রামবাসী। প্রায় সাত হাজার কৃষক পরিবারের বসবাস এই গ্রামে। আমন ধান ঘরে তোলার পর নতুন চালের খাবার দিয়েই শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা।

নবান্ন উপলক্ষে প্রতিটি বাড়িতে নতুন ধানের চাল দিয়ে তৈরি হয় নানা ধরনের পিঠা-পুলি, পায়েশ, নাড়ু ও মিষ্টান্ন। কয়েক দিন আগে থেকেই ঢেঁকিতে ধান ভেঙে চাল তৈরি এবং তা থেকে আটা প্রস্তুতের ব্যস্ততা শুরু হয়। উৎসবের দিন সকাল থেকেই বাড়িতে বাড়িতে চলে রান্নাবান্না ও অতিথি আপ্যায়ন। নতুন চালের ভাতের সঙ্গে থাকে নানা পদের দেশীয় খাবার। এ উৎসবের অন্যতম আকর্ষণ গরু ও মহিষের মাংস দিয়ে অতিথি আপ্যায়ন। দীর্ঘদিনের প্রথা অনুযায়ী এবারও গ্রামবাসী সম্মিলিতভাবে টাকা তুলে ১২টি গরু ও ১৪টি মহিষ কিনেছেন। আগের দিন মহিষগুলো গ্রামে ঘুরিয়ে উৎসবের আয়োজনের কথা সবাইকে জানান দেওয়া হয়। পরে গরু ও মহিষ জবাই করে মাংস ভাগ করে নেন গ্রামবাসী। সেই মাংস দিয়ে বাড়িতে বাড়িতে রান্না হয় বাহারি পদ। আত্মীয়-স্বজন ও অতিথিদের আপ্যায়নে থাকে বিশেষ আয়োজন। সাম্প্রতিক সময়ে কোনো কোনো পরিবার মাছের পদও যুক্ত করেছে উৎসবের খাবারের তালিকায়। শালগ্রামের এই নবান্ন উৎসবের পরিধি এখন আর একটি গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই। আশপাশের পালোয়ানপাড়া, কোমারপুর, কালাইকুড়ি, সাগরপুর, ছোট আখিড়া, বড় আখিড়া ও নিমাইদীঘিসহ বেশ কয়েকটি গ্রামেও ছড়িয়ে পড়েছে উৎসবের আনন্দ। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে শামিল হন এই আয়োজনে।

উৎসবকে ঘিরে এলাকায় বসেছে বিশাল গ্রামীণ মেলা। শিশু-কিশোরদের পাশাপাশি মেয়ে-জামাই ও আত্মীয়-স্বজনদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে মেলার প্রতিটি দোকান। নাগরদোলা, বেলুন, ঘোড়ার গাড়ি, চুড়ি, কসমেটিকস, বাহারি মিষ্টি ও হরেক রকমের খাবারের দোকানে সেজেছে মেলা প্রাঙ্গণ। পাশাপাশি পাড়ায় পাড়ায় চলছে মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, রশি টানাটানিসহ নানা ধরনের গ্রামীণ খেলাধুলা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব আয়োজন ঘিরে থাকে মানুষের উপচে পড়া ভিড়।


শালগ্রামের বাসিন্দা শেফাউর রহমান সাবু বলেন, প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে এ গ্রামে নবান্ন উৎসব পালিত হয়ে আসছে। উৎসব উপলক্ষে প্রতিটি বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজন আসেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মেলা, খেলাধুলা ও নানা আয়োজন। আশপাশের এলাকাতেও বসে হরেক রকমের দোকান। সব মিলিয়ে পুরো গ্রামের মানুষ এক আনন্দে মেতে ওঠেন। মূলত এক দিনের উৎসব হলেও এর আমেজ থাকে অন্তত তিন দিন।

নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, ছোটবেলায় দাদী-দাদাকে নতুন ধানের চাল দিয়ে পিঠা তৈরি করতে এবং মহিষের মাংস রান্না করতে দেখেছেন। তখন বাড়িতে আত্মীয়-স্বজনের পাশাপাশি আশপাশের লোকজনও খেতে আসতেন। সময়ের সঙ্গে উৎসবের পরিসর আরও বেড়েছে। এখন দূরদূরান্ত থেকে মানুষ আসেন। নতুন প্রজন্মের মধ্যেও এই ঐতিহ্য ধরে রাখার আগ্রহ তৈরি হয়েছে।

একই গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ মিম বলেন, এ নবান্ন উৎসবের আনন্দ কখনো কখনো ঈদের আনন্দকেও ছাড়িয়ে যায়। এটি শুধু নতুন ফসল ঘরে তোলার উৎসব নয়, বরং পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের একত্র হওয়ার উপলক্ষ। এর মধ্য দিয়ে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়। গ্রামের সবাই মিলে উৎসবে অংশ নেন।

নতুন ধানের ঘ্রাণ, পিঠা-পুলির স্বাদ, গরু-মহিষের মাংসে অতিথি আপ্যায়ন আর আত্মীয়-স্বজনের মিলন—সব মিলিয়ে শালগ্রামের নবান্ন উৎসব এখন শুধু ফসল ঘরে তোলার আনন্দ নয়, এটি গ্রামবাংলার ঐতিহ্য, সম্প্রীতি ও শেকড়ের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের এক জীবন্ত প্রতিচ্ছবি। দুই শতাব্দীর বেশি সময় ধরে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এই উৎসব যেন গ্রামীণ বাংলার চিরচেনা সংস্কৃতিকে নতুন করে জাগিয়ে তোলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat