মোঃ নাজমুল হুদা, নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ত্রিদেশীয় (তিন দেশীয়) সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে ছয় বাংলাদেশি নাগরিকসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক অপর দুই ব্যক্তি স্থানীয় ম্রো সম্প্রদায়ের সদস্য। তারা ছয় বাংলাদেশির পথপ্রদর্শক হিসেবে কাজ করছিলেন।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার।

আটক ছয় বাংলাদেশি হলেন- ঝিনাইদহের বারইহুদা গ্রামের মো. আব্দুল আহাদ (২২), বরগুনার নারুলি পশ্চিমপাড়ার মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেতের মো. নাহিদ হাসান আশিক (৩৩), পোস্টগোলা এলাকার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার জিনাগড় গ্রামের মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের উত্তর পতেঙ্গার মো. মিনহাজুর রহমান সানি (২৬)।
এ ছাড়া আটক দুই স্থানীয় ব্যক্তি হলেন লংওয়াং মুরং (২৫) ও তনয় মুরং (৩০)।
বিজিবি জানায়, গত ৫ নভেম্বর দেশের বিভিন্ন জেলা থেকে আসা ছয় বাংলাদেশি ও তাদের সঙ্গে থাকা দুই স্থানীয় পথপ্রদর্শক থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকায় যান। পরে তারা বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থান করছিলেন। তাদের সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৫ নভেম্বর রাতে ২৩/৩৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে আটজনকে আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘ সময় অবস্থান ও রাত্রিযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি, তাঁবুসহ ক্যাম্পিংয়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার বলেন, আটক ব্যক্তিরা বেশ কয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ছয় বাংলাদেশি ও স্থানীয় দুই পথপ্রদর্শককে আটক করা হয়েছে। তিনি বলেন, তারা কী কারণে সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থান করছিলেন কিংবা কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা পুলিশের তদন্তের মাধ্যমে জানা যাবে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবির অভিযান এবং নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে রুমা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন নুর মো. নাহিয়ান ইসলাম, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারি সহকারী পরিচালক শ্রী সরোজ কুমার সাহাসহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এ জাতীয় আরো খবর..