বিনোদন ডেস্ক:
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন? কয়েক দিন ধরে এ নিয়ে সরগরম পশ্চিমবঙ্গের বিনোদনজগৎ। গুঞ্জন, আগামী ৫ ডিসেম্বর বিয়ে করতে পারেন অভিনেত্রী। পাত্র নাকি বিনোদনজগতের কেউ নন, সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তি। শুধু বিয়ের তারিখ বা পাত্রের পরিচয় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মিমির বিয়ের একটি আমন্ত্রণপত্রও। আর সেই কার্ডে রয়েছে বিশেষ চমক।
তবে এত আলোচনা, জল্পনা আর বিয়ের কার্ড প্রকাশ্যে আসার পরও মিমি নিজে বিয়ের খবর নিশ্চিত করেননি। বরং কয়েক সপ্তাহ আগে এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন শুনে তাঁর উত্তর ছিল বেশ মজার—‘আমিও শুনছি আমার বিয়ে।’ ফলে সত্যিই কি নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী, নাকি সবটাই গুঞ্জন—এখন সেই প্রশ্নই ঘুরছে ভক্তদের মনে।
মিমির বিয়ের গুঞ্জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আমন্ত্রণপত্রটি নিয়ে। কার্ডের নকশায় দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে বসে আছেন বর ও কনে। তাঁদের সঙ্গে রয়েছে তিনটি পোষ্য কুকুর। মিমির পোষ্যপ্রেমের কথা যাঁরা জানেন, তাঁদের কাছে বিষয়টি বেশ স্বাভাবিকই মনে হয়েছে।
অভিনেত্রীর জীবনে পোষ্যদের গুরুত্ব অনেক।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তাঁদের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। কখনো পোষ্যদের জন্মদিন উদ্?যাপন, কখনো ছুটির দিনের আনন্দ, আবার কখনো তাদের সঙ্গে ঘরোয়া সময় কাটানোর ছবি দেখা যায় তাঁর পোস্টে। নিজের পরিবারের সদস্যের মতোই আগলে রাখেন এই প্রাণীদের। তাই বিয়ের মতো বিশেষ আয়োজনের আমন্ত্রণপত্রেও তাদের জায়গা দেওয়ার বিষয়টি নজর কেড়েছে। কার্ডে থাকা তিন পোষ্যের নাম চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এটি বিয়ের মূল অনুষ্ঠানের আমন্ত্রণপত্র, নাকি কলকাতার সম্ভাব্য রিসেপশনের কার্ড, তা এখনো পরিষ্কার নয়।
বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিমির সম্ভাব্য জীবনসঙ্গীর নাম সিদ্ধার্থ দত্ত। তিনি বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। পেশাগতভাবে তিনি মার্চেন্ট নেভির সঙ্গে যুক্ত বলে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। আবার কোনো কোনো প্রতিবেদনে তাঁকে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা বলা হয়েছে। তবে তাঁর পেশা ও পরিচয় সম্পর্কে মিমি কিংবা তাঁর ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে নির্ভরযোগ্য আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
গুঞ্জন রয়েছে, বেশ কয়েক বছর ধরেই সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। তবে ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মিমি। প্রেমের সম্পর্ক কিংবা জীবনসঙ্গী নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি তিনি। ফলে তাঁর বিয়ের খবর সামনে আসতেই পাত্রের পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে আগামী ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে বিয়ের অনুষ্ঠান হতে পারে। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও অল্প কয়েকজন অতিথি উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।
এ জাতীয় আরো খবর..