দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমিয়ে আনতে বহুমুখী ও সমন্বিত উদ্যোগ জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধা কার্যকর করা, ঋণ আদায় তৎপরতা বাড়ানো, ব্যাংকগুলোর ওপর তদারকি জোরদার, ঋণঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন ও আইনি সংস্কারের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ২০ নভেম্বর জারি করা এক সার্কুলারে সব তফসিলি ব্যাংককে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করে খেলাপি ঋণ আদায়ে গতি আনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বর্তমান পরিস্থিতি ও বিশেষ নিষ্পত্তি সুবিধা
গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর তুলে ধরা তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
এই বিশাল অঙ্কের খেলাপি ঋণ কমাতে চলতি বছরের ২৯ জুন চালু হওয়া বিশেষ নীতিমালার আওতায় নির্ধারিত শর্ত পূরণ ও সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ এককালীন পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের সুযোগও রয়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ এবং ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পুনঃতফসিল করা নির্দিষ্ট কিছু ঋণ এ সুবিধার আওতাভুক্ত, যেখানে স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোগের ঋণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তদারকি জোরদার ও কর্মকর্তাদের বক্তব্য
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, খেলাপি ঋণ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার। যেসব ব্যাংকে শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি, সেগুলোর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে প্রতি তিন মাসে বৈঠক করা হচ্ছে এবং প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি ঋণগ্রহীতার কাছ থেকে ঋণ আদায়ের অগ্রগতি ব্যাংকার্স সভায় পর্যালোচনা করা হচ্ছে।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালা যোগ্য ঋণগ্রহীতাদের জন্য একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় ঋণ পরিশোধের সুযোগ তৈরি করেছে, যা দীর্ঘদিনের অনাদায়ি অর্থ আদায়ে ব্যাংকগুলোকে সহায়তা করবে।
আইনি সংস্কার ও ঝুঁকি ব্যবস্থাপনা
নতুন করে খেলাপি ঋণ সৃষ্টি ঠেকাতে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন শক্তিশালী করার পাশাপাশি ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) অনুসারে এক্সপেকটেড ক্রেডিট লস (ইসিএল) কাঠামো চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকগুলো আগেভাগে সম্ভাব্য ঋণক্ষতির পূর্বাভাস পাবে এবং সময়মতো প্রভিশন সংরক্ষণ করতে পারবে। এ ছাড়া দুর্বল সুশাসন বা ঋণ কেন্দ্রীভবনের ঝুঁকি থাকা ব্যাংকগুলোতে বিশেষ সম্পদমান পর্যালোচনা (একিউআর) জোরদার করা হচ্ছে।
পাশাপাশি খেলাপি ও ঝুঁকিপূর্ণ সম্পদ দ্রুত আদায়ে প্রস্তাবিত ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬’ প্রণয়ন ও অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ঋণ আদায়কারী কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা চালু, নিয়মিত ঋণ পরিশোধকারীদের প্রণোদনা পর্যালোচনা, ব্যাংকগুলোর আইনি বিভাগ ও বিশেষায়িত ঋণ আদায় ইউনিট শক্তিশালী করা এবং ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।